
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘Transforming Cancer Care through Genomics and Precision Medicine’ শীর্ষক আন্তর্জাতিক ক্লিনিক্যাল অনকোলজি বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানের প্যাট্রন ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক ক্যান্সার চিকিৎসায় জিনোমিকস ও প্রিসিশন মেডিসিন গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। রোগীর জিনগত ও আণবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে চিকিৎসা নির্বাচন করা সম্ভব হলে চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় পার্শ্বপ্রতিক্রিয়া হ্রাস এবং ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সারসেবা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশেও জিনোমিকস, মলিকুলার ডায়াগনস্টিকস, বায়োইনফরমেটিকস, জেনেটিক কাউন্সেলিং এবং প্রিসিশন অনকোলজিতে দক্ষ জনবল ও গবেষণা সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি