
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।
রোববার (৩ আগস্ট) সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ায় পৌঁছান সাংবাদিক নেতৃবৃন্দ। সেখানে প্রথমে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর শহীদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বাহিনীর জুলুম-নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন।
এ সময় শহীদ তানভীরের পিতা বাদশাহসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে পেকুয়ার মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক নেতৃবৃন্দ। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরিক হন স্থানীয় সংবাদকর্মীরাও।
বাদ জোহর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় শহীদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।
বিকালে তারা যান শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁওয়ে। শহীদদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, বিজয় টিভির প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল আমিন হেলালী, যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত ৭ দিনের কর্মসূচির চতুর্থ দিনে জুলাই গ্রাফিতি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।