
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) গত মঙ্গলবার রোহিঙ্গা গণহত্যার নবম বার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। বেশ কয়েকটি দেশের শিক্ষাবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। ‘আমাদের ছাড়া আমাদের বিষয়ে কিছু নয়: প্রত্যাবাসনের সন্ধানে রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ শীর্ষক এই ওয়েবিনারটি ২০১৭ সালের ২৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে আয়োজন করা হয়, যার পর লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসতে বাধ্য হন। সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন উদ্বোধনী বক্তব্যে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তিনি সম্ভাব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য পাঁচটি মূলনীতির ওপর গুরুত্বারোপ করেন- রোহিঙ্গাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, পছন্দের ভিত্তিতে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ তৈরি করা, বিশ্বাসযোগ্য যাচাই ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিশ্চিত করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি