
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারি আটক। গতকাল বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় গত বুধবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার ও পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি