
রাজধানীর স্বামীবাগে মাদক কারবারি দুই পক্ষের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ওয়ারী)। এ সময় তাদের কাছ থেকে দু'টি বিদেশি পিস্তল, দু'টি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা এবং ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), সাহাদত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় গেন্ডারিয়া থানার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ওয়ারী) ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ভিডিও ফুটেজে শনাক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করা হয়।