ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আইন মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে -ইউজিসি চেয়ারম্যান

আইন মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে -ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সংশ্লিষ্ট বিধি ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিদ্যমান আইন ও বিধি অনুসরণে ব্যত্যয় ঘটলে এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান এবং বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর প্রফেসর ড. মো. জামাল উদ্দীন। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য না রেখে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীর সাফল্য নির্ভর করে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার চেয়ে বেশি- সে কী শিখছে, কী ধরনের দক্ষতা অর্জন করছে এবং নিজেকে কর্মক্ষেত্রের জন্য কতটা প্রস্তুত করছে তার ওপর। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তের জ্ঞান ও তথ্য এখন শিক্ষার্থীদের হাতের নাগালে। তাই বিশ্ববিদ্যালয় নতুন না পুরোনো, সেটি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণায় নিজেদের যোগ্য করে তুলতে হবে। মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা হয়েছে, সেটি মুখ্য নয়।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থী রয়েছে এবং ইউজিসি তাদের সবার অভিভাবক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত