
রাজধানীর ডেমরায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোচালককে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মাত্র ১৫০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে পূর্বপরিচিত রনির সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার পর স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সকালে ডেমরার কামারভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত দেলোয়ার হোসেন ডেমরার কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আর রনি একই এলাকার আফজাল মিয়ার ছেলে। পূর্বপরিচিত হওয়ায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, দেলোয়ার ও রনি পরস্পরের পূর্বপরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, দেলোয়ার রনির কাছে ১৫০ টাকা পেতেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে ঝগড়া হয়।