
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৪৯ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি গ্রেপ্তার ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তারকৃত ১৩৬ জনের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩৭ জন, সাজাপ্রাপ্ত ৩ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ১০ জন রয়েছেন। এছাড়া এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়ছ। অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ গ্রাম হেরোইন, ৭৬৮ পিস ইয়াবা, ১২০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ কেজি ২০০ গ্রাম গাজা এবং ১০ লিটার চোলাইমদ। তবে এ সময় কোনো চোরাচালান পণ্য বা অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি।
পুলিশি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে চুরি সংক্রান্ত ১টি এবং অন্যান্য খাতে ৩১টিসহ মোট ৩২টি মামলা দায়ের হয়েছে। তবে এ সময়ে খুন, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ বা নারী ও শিশু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ৮টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। জনসেবা নিশ্চিত করার বিষয়ে রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় সর্বমোট ১,০৫৬ জন নাগরিককে বিভিন্ন পুলিশি সেবা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে চলতি মাসে রেঞ্জে সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮২ জনে।