
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দৌড়াদৌড়ির সময় তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিনের মৃত্যু হয়। অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।