ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশের সাইবার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পুলিশের সাইবার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট'।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের 'হল অব ইন্টেগ্রিটি'তে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র 'সাইবার পুলিশ ইউনিট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষ্যে পুলিশ সদর দপ্তরের 'হল অব প্রাইড'-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র যুগে চিরাচরিত সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।

পুলিশের নতুন এই স্বতন্ত্র ইউনিটের সাংগঠনিক কাঠামো ও পদায়ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন গঠিত সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপি'র নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এ ইউনিটের দায়িত্ব প্রদান করে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা পর্যায়ে ওসি'র নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে।

অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী, এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪,৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের মধ্য থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।

সাইবার ইউনিট,যাত্রা শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত