
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যদের অংশগ্রহণে জ্বালানিবিষয়ক সেমিনার ও সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ের সেমিনার কক্ষে কমিশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন তথ্য-উপাত্ত ও কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে সংবাদ সংগ্রহ ও গবেষণা থেকে শুরু করে নথি পর্যালোচনা, তথ্য যাচাই এবং সংবাদ উপস্থাপনার বিভিন্ন ধাপে এআইকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার, কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার, এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ এবং একাত্তর টেলিভিশনের হেড অব বিজনেস ইকবাল আহসান। জ্বালানিবিষয়ক সেমিনারে বিইআরসি চেয়ারম্যান জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতরণ ও সরবরাহকারী কোম্পানিগুলোর গত তিন বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য একটি স্বতন্ত্র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ফার্ম নিয়োগ দেওয়া হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি