
রাজশাহীতে বেলী বেগম নামে সত্তুর বছর বয়সি এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে নগরীর কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নগরীর কেদুর মোড় এলাকায় নিজ বাড়িতে একাই থাকতেন বেলী। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তাদের চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দরজা ভেঙে ভেতরে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, নিহত বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই বা তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।