
গ্রেপ্তার এড়ানো চট্টগ্রামের আলোচিত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক বগার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মূলত পুলিশি অভিযানে সুড়ঙ্গ কেঁটে পালিয়ে যাওয়া, পুলিশের ওপর হামলা ও সর্বশেষ মেয়রের হস্তক্ষেপে খুলশি থানা পুলিশের গ্রেপ্তার এড়ানো ও পরে সেই থানার ওসিকেই রাতারাতি বদলির ঘটনায় আলোচনায় আসেন বগা। গত রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহীদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়। গত ৪ সেপ্টেম্বর এ মামলায় বগাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বগার বাহিনীর হামলায় খুলশী থানার ওসি আবদুর রহমানসহ ছয় পুলিশ সদস্য আহত হন। তখন বগা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গ্রেপ্তার এড়ান।
এরপর গত ১৩ সেপ্টেম্বর খুলশি থানার তৎকালীন ওসি আবদুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন বগার বাবা। সর্বশেষ গত ৬ অক্টোবর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বগার উপস্থিতি জানতে পেরে সেখানে অভিযান চালায় খুলশি থানা পুলিশ। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেনের কৌশলী হস্তক্ষেপে রক্ষা পান বগা।