ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আমরাও চাই হাসিনা আসুক দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষায় রয়েছে

বললেন মীর শাহে আলম
আমরাও চাই হাসিনা আসুক দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষায় রয়েছে

শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরাও চাই হাসিনা আসুক। দেশের মানুষ তার অপশাসনের বিচার দেখতে অপেক্ষায় রয়েছে। বিএনপি সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি বেহেশতের গ্যারান্টি দেয় না, তবে জনগণের নিরাপত্তা ও বাস্তবভিত্তিক উন্নয়নের গ্যারান্টি দেয়। গতকাল শনিবার দুপুরে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হবে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ইতিহাস কখনও মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তার সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, তিনি দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তার আর দেশে ফেরা হয় না। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলেও তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটাই জনগণের ভালোবাসা ও রাজনৈতিক সমর্থনের আসল পার্থক্য। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনগণের ভালোবাসা ও আস্থাকে ভিত্তি করেই টিকে রয়েছে।সমাবেশে জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, জামায়াত ধর্মীয় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। সরকারের এই জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অতীতে যারা জামায়াতকে ভোট দিয়েছিলেন, তাদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মোকামতলার মানুষের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্য শেষে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত