
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক 'বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬'-এর ফলাফল প্রকাশ ও পরবর্তী কর্মপরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিং আজ নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণমাধ্যমের কাছে জরিপের সার্বিক ফলাফল তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, ডিএসসিসি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার রোধে বর্ষাকালীন লার্ভা শনাক্তকরণ জরিপটি পরিচালনা করা হয়। বিগত ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ১২ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সম্পূর্ণ দৈবচয়ন ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত এ জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২,২৫০টি বাড়ি নমুনা হিসেবে গ্রহণ করা হয়। ডিএসসিসি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৩৬ জন মাঠকর্মী এ জরিপ পরিচালনায় অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি