
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী প্রবাসী তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও একজন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু'জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. ফায়েজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।