ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে বাসে আগুন রেললাইনে অগ্নিসংযোগ

রাজশাহীতে বাসে আগুন রেললাইনে অগ্নিসংযোগ

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে জেলার চারঘাট উপজেলায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে প্রায় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে মহানগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে এবং এর আগে রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার বাগমারী গ্রামে ট্রেনের লাইনে এসব ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ২টি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা সন্দেহভাজন একজনকে আটক করে মারধর করছিলেন।

তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ওই লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি নন্দনগাছী স্টেশন এলাকায় আটকা পড়ে।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত