
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে গত বৃহস্পতিবার সকাল থেকে বেশিরভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে বেশিরভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বিভিন্ন কারণে ৫০টি কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এছাড়া ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন চলছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।