
আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির (Sol Plaatje University) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।
অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান ও উভয় প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিদের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ১৭ নভেম্বর ২০২৬ এ সমঝোতা সম্পন্ন হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর দক্ষিণ আফ্রিকা সফরকালে সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে এ সমঝোতা স্বাক্ষরের বিষয়ে আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়। এতে সল প্লাকি ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (টিচিং অ্যান্ড লার্নিং) প্রফেসর পল গ্রিন এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি