
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ি মোতালিব হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এসময় ২ আসামি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মাসুম জানান,আদালত এই মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া আদালত নবী নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় প্রদানের সময় হোসাইন ও তানজিল নামে ২ আসামি পলাতক ছিলেন।