ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মিরসরাইয়ে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে অপটিমাপ্লাস্ট

মিরসরাইয়ে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে অপটিমাপ্লাস্ট

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মধ্যে ৩ একর জমি বরাদ্দণ্ডসংক্রান্ত লিজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বেজা কার্যালয়ে এ চুক্তি হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা। চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩ দশমিক ৯৬ মিলিয়ন বা প্রায় ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি নতুন কারখানা করবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। এই কারখানায় প্লাস্টিক বোতল, লুব্রিকেন্ট ও পেইন্ট কনটেইনার, বাকেট, ঢাকনা, ক্যাপ, পিইটি প্রিফর্ম ও পিইটি জার উৎপাদনের পাশাপাশি রক্তের ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অপটিমাপ্লাস্ট ১৯৯৪ সালে চট্টগ্রামে রিলায়েন্স ক্যান ইন্ডাস্ট্রি নামে যাত্রা শুরু করে।

বর্তমানে প্রতিষ্ঠানটি উচ্চমানের প্লাস্টিক রিজিড ও প্যাকেজিং পণ্য উৎপাদনে শীর্ষস্থানীয়। প্রায় ৯৬ কোটি টাকা বার্ষিক টার্নওভার নিয়ে প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় কনটেইনার, প্যাকেজিং সল্যুশন, শিল্প উপাদানসহ নানান পণ্য সরবরাহ করছে। চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বিশেষ সুযোগ তৈরি করেছে। অপটিমাপ্লাস্টের বিনিয়োগে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য উৎপাদনে বৈচিত্র্য আসবে ও শিল্প সমন্বয় গড়ে উঠবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অপটিমাপ্লাস্টের ব্যবস্থাপনা পরিচালক জিএম একরামুল হক দ্রুত কারখানা নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা শিল্প নগরের অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়ে তুলব।’ বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৪টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও ২০টির নির্মাণ কাজ চলছে। দেশের বৃহত্তম এ পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্পকারখানার পাশাপাশি নগর সুবিধাও যুক্ত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত