
দেশের অভ্যন্তরে ব্যক্তি পর্যায়ে নগদ অর্থ বহনে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে স্পষ্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তবে দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা টাকা বহনের সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা নির্ধারিত রয়েছে বলে জানান তিনি। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক ব্যাখ্যায় মুখপাত্র বলেন, ‘দেশের ভেতরে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সীমা আরোপ করেনি।’ তিনি বলেন, ‘তবে দেশের বাইরে যাওয়ার সময় বাংলাদেশি মুদ্রা বহনের ক্ষেত্রে বিদ্যমান বিধি অনুযায়ী সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে।’
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশি টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা রয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে পাসপোর্টে এনডোর্সমেন্ট করে নির্ধারিত হিসাবে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যায়, যা প্রযোজ্য ক্ষেত্র হিসেবে ব্যবসায়িক, চিকিৎসা, শিক্ষা বা ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন সীমা প্রযোজ্য হতে পারে। সাম্প্রতিক সময়ে নগদ অর্থ বহনের সীমা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিয়মগুলো কার্যকর রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিস্তারিত তথ্য নেওয়া যেতে পারে।