
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যের পণ্যের ট্রাক আসার কথা ছিল। কিন্তু ১০টার আগে থেকেই রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির রাস্তার পাশে কম দামে গরুর মাংস কেনার জন্য অপেক্ষা করছিলেন ষাটোর্ধ্ব আকবর হোসেন খান। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত ডিম, দুধ ও মাংস বিক্রির জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাক আসেনি। একইভাবে সকাল ১১টা থেকে তেজকুনিবাজার এলাকা থেকে এসে অপেক্ষায় ছিলেন গৃহিণী নাহার বেগম। দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট খামারবাড়ির সামনে ডিম, দুধ ও মাংস নিয়ে আসে সেই প্রত্যাশিত ট্রাক। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪০-৫০ জন ক্রেতা অপেক্ষা করছিলেন। কিন্তু সময়মতো ট্রাক না আসায় অনেকে চলে যান। আবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার দিকেও অনেকে আসেন। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওই ট্রাকে ৬৫০ টাকা দরে গরুর মাংস কেনায় ক্রেতাদের বেশি আগ্রহ দেখা গেছে। আমিষ বিক্রির কার্যক্রমে প্রথম দিনেই গ্রাহকদের মধ্যে গরুর মাংসের চাহিদাই বেশি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর বেলা দুইটার দিকে মাত্র এক কেজি মাংস কিনতে পেরেছেন আকবর হোসেন। এ জন্য তিনি নাখোশ হন। তিনি বলেন, ‘দুই কেজি মাংস দিলে ভালো হতো। অন্তত দেড় কেজি দিলেও হয়।’
রোজা উপলক্ষে সুলভ মূল্যে অর্থাৎ ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজধানীর ২৫টি স্থানে এই কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।