ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালী বন্ধ ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি আমদানি

হরমুজ প্রণালী বন্ধ ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি আমদানি

ইরানে মার্কিন-ইসরায়েল হামলার ঘটনায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আবারও বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি আমদানিনির্ভরতা ঝুঁকির মধ্যে পড়েছে। এ সংকটের স্থায়ী সমাধান হিসেবে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদ দিয়েছেন দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

‘সংকটের কেন্দ্রবিন্দুতে এশিয়া: এশিয়ার জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে হরমুজ প্রণালির প্রভাব’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) ও জিরো কার্বন অ্যানালাইটিকস যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই পথ দিয়ে পারস্য উপসাগর থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিশ্ববাজারে রপ্তানি করা হয়। এ পথে কোনো বিঘ্ন ঘটলে তা দ্রুত বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে এবং বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়।

আইইইএফএ-এর এশিয়া অঞ্চলের এলএনজি ও গ্যাস গবেষণা প্রধান স্যাম রেনল্ডস বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পরই আমদানিনির্ভর এশীয় অর্থনীতি আবারও বৈশ্বিক বাজারের অস্থিরতার মুখে পড়েছে। সাম্প্রতিক সংঘাত শুরুর কয়েক দিনের মধ্যেই এশিয়াজুড়ে তেল, এলএনজি ও কয়লার দাম বেড়েছে। এ অবস্থায় সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলো। তিনি বলেন, এ পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে দেশীয় ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া কতটা জরুরি। সৌর ও বায়ু বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি এবং ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির খরচ গত কয়েক দশকে ধারাবাহিকভাবে কমেছে, যা জীবাশ্ম জ্বালানিনির্ভরতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে বর্তমান সংকট বাংলাদেশের আমদানিনির্ভর ও ঋণচাপে থাকা জ্বালানি খাতের ঝুঁকি আরও স্পষ্ট করে তুলেছে। সংকট দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যয়, ভর্তুকি ও অর্থনৈতিক চাপ বাড়বে। তার মতে, এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সৌরসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তামিম বলেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে বাংলাদেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ পড়তে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত