ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মনসুরকে সরানো ও মোস্তাকুরকে গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে রিট

মনসুরকে সরানো ও মোস্তাকুরকে গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে রিট

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৫ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপন জারি করে। একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়। অপর প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম- সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এ- সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রিটটি করেন। আবেদনকারীর আইনজীবী এম সরোয়ার হোসেন বলেন, শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটি উপস্থাপন করা হবে। ইনক্যাপেবল (অক্ষম) ও ইনক্যাপাসিটি (শারীরিক- মানসিক অক্ষমতা) না হলে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে অপসারণ করা যায় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত