ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আতঙ্কে মাত্রাতিরিক্ত বিক্রির চাপে শেয়ারবাজারে ধস

আতঙ্কে মাত্রাতিরিক্ত বিক্রির চাপে শেয়ারবাজারে ধস

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হতে পারে, এমন গুঞ্জনের প্রেক্ষিতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আতঙ্কে মাত্রাতিরিক্ত বিক্রির চাপ বাড়ানোয় গতকাল রোববার রীতিমতো ধস নেমেছে পুঁজিবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়। এতে এক সপ্তাহেই ডিএসইর প্রধান সূচক ৩৫৯ পয়েন্ট কমেছে। আর বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা। এই পতনের পর গতকাল রোববার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দরপতনের মাত্র বাড়ে। ফলে ধস দিয়েই শেয়ারবাজারের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৭১টির। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৯২টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭৮টি কোম্পানিরই শেয়ার দাম কমেছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০১টির। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২৫টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত