
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হবে।
এর ফলে ঈদের দিন ছাড়া সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনা সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।