
দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানীয় জলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশের শীর্ষ স্থানীয় এনজিও ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যৌথ কার্যক্রমের সূচনা উপলক্ষে এ সময় ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের হাতে একটি চেক তুলে দেন। ফ্রেন্ডশিপের চর সার্জারি অ্যাক্সে প্রোগ্রামের আওতায় এই অংশীদারিত্বের মাধ্যমে উত্তর বঙ্গের বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে বিশেষায়িত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের অধীনে ১,০০০টিরও বেশি অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত রোগীদের দৃষ্টিশক্তি, চলাচল সক্ষমতা, সামাজিক মর্যাদা ও জীবনমান পুনরুদ্ধার করা সম্ভব হবে। ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল- এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালের পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিক ও প্রশিক্ষিত কমিউনিটি মেডিক-এইডদের সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আওতায় ছানি অপারেশন, বার্ন কনট্রাকচার চিকিৎসা, প্রোল্যাপ্স সংশোধন, অ্যাকিলিস টেনডন সার্জারিসহ অন্যান্য প্রয়োজনীয় সাধারণ অস্ত্রোপচার করা হবে। অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আহমেদ শাহীন বলেন, ‘ফ্রেন্ডশিপ তাদের ভাসমান হাসপাতাল বহরের মাধ্যমে মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্বাস্থ্যসেবায় ঘাটতি পূরণ এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি