
একটি দেশের অর্থনীতির আকার ও উন্নয়নের চিত্র অনেকটাই প্রতিফলিত হয় সুপারশপ খাতের মাধ্যমে- এমন মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের আগেই বাংলাদেশে সুপারশপের যাত্রা শুরু হলেও প্রয়োজনীয় নীতি সহায়তার অভাবে এ খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। বক্তারা খাতটির বিকাশে সরকারের কার্যকর নীতি সহায়তা, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ন্যূনতম কর কাঠামোর অযৌক্তিক দিকগুলো সংশোধন এবং সুপারশপ খাতের অবদান জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা।
গতকাল সোমবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশের আধুনিক রিটেইল খাতের উন্নয়ন : প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় ও ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। বাংলাদেশ সুপারমার্কেট অনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ বৈঠকে সহযোগিতা করে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিস বড়ুয়া। বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সুপারমার্কেট অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রামার অ্যান্ড পার্টনার্স (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুয়াল্লেম আহমেদ চৌধুরী, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি মো. কাউসার আলম, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, এনবিআরের সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ প্রমুখ।
বৈঠকে মো. জাকির হোসেন বলেন, দেশের অর্থনীতিতে সুপার মার্কেট খাতের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তা অনেক সময় যথাযথভাবে মূল্যায়িত হয় না। তিনি উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে এ খাতের অবদান উল্লেখযোগ্য এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন-২০১৩ প্রণয়নেও এর ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সুপার মার্কেটের সঙ্গে হাজার হাজার সরবরাহকারী যুক্ত, যার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরাও রয়েছেন। ফলে এ খাত সম্প্রসারণের মাধ্যমে ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। মিনিমাম ট্যাক্স কমানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, ট্যাক্স কমানো হলে সুপার মার্কেটের সম্প্রসারণ বাড়বে ও এতে সরকারের বিভিন্ন খাত থেকে রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।