ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ক্যাশলেস ইউনিট গঠনের নির্দেশ

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও নগদ অর্থের ব্যবহার কমাতে সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) প্রধান কার্যালয়ে পৃথক ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক পেমেন্ট ব্যবস্থাকে ধাপে ধাপে ক্যাশলেস, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নিয়েছে।

বাংলা কিউআর, ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অব সেল (পিওএস) ও অনলাইন পেমেন্ট সম্প্রসারণের ফলে দেশে ডিজিটাল লেনদেনের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে বলে এতে উল্লেখ করা হয়।

ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বা মার্চেন্টদের লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআর লেনদেনে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আনুষ্ঠানিকভাবে আর্থিক ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে নীতি নির্ধারণ, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সমন্বয় জোরদারের লক্ষ্যে প্রতিটি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রম সংশ্লিষ্ট উপ-ব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা আর এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত এক ধাপ নিচের কর্মকর্তা ইউনিটটির তত্ত্বাবধান করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত