
পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। গত সোমবার সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আনন্দঘন পরিবেশ। অনেক শাখায় কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। তবে গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
ব্যাংকাররা বলছেন, ছুটির কারণে অনেক গ্রাহক এখনও রাজধানীতে ফেরেননি। ফলে প্রথম দিন ব্যাংকগুলোতে স্বাভাবিকের তুলনায় লেনদেন কম হয়েছে। তবে ধীরে ধীরে গ্রাহক উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।
ব্যাংকে আসা কিছু গ্রাহক নগদ অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন বলেও জানান।
সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, ঈদের ছুটির সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। ফলে ছুটির মধ্যেও গ্রাহকরা নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পারছেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব জানান, দীর্ঘ ছুটির পর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন গ্রাহকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে তা বাড়বে। এদিকে দুই দিন ব্যাংকিং কার্যক্রম চলার পর স্বাধীনতা দিবসসহ আবারও টানা তিন দিনের ছুটি পড়ছে।