
ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের স্মার্ট পয়েন্ট চালু করেছে এবং এর মাধ্যমে দেশের প্রথম স্মার্ট টেলার মেশিন (STM) চালু করা হয়েছে, যা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি স্মার্ট পয়েন্টটি উদ্বোধন করেন। মহাখালীস্থ এসকেএস টাওয়ারে স্থাপিত এই স্মার্ট পয়েন্টে রয়েছে স্মার্ট টেলার মেশিন (STM) এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM), যার মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সহজে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এসব মেশিনের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড গ্রহণ, টাকা উত্তোলন ও জমা, ঋণের আবেদন, স্টেটমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন। এই স্মার্ট পয়েন্ট ডিজিটাল ব্রাঞ্চ হিসেবে কাজ করবে, ফলে গ্রাহকদের অনেক ক্ষেত্রেই সরাসরি শাখায় যাওয়ার প্রয়োজন হবে না। দেশে প্রথমবারের মতো চালু হওয়া স্মার্ট টেলার মেশিন (STM) এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা এবং ডেবিট কার্ড গ্রহণের সুবিধা পাবেন, যা গ্রাহক সেবাকে আরও দ্রুত ও আধুনিক করে তুলবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি