
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দ্বিগুণের বেশি দামে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই দুই কার্গো এলএনজি কেনা হবে। এতে ব্যয় হবে এক হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত ১১ মার্চ অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাড়তি দামে আরও তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উত্তর কোরিয়া থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত হয়। এই তিন কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয় দুই হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।