
ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কার্ডভিত্তিক পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। অ্যামচেম জানায়, প্রস্তাবিত প্রণোদনার মধ্যে ৩ শতাংশ গ্রাহক এবং ২ শতাংশ ব্যবসায়ীরা পেতে পারেন। গতকাল রোববার সকালে রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি এই প্রস্তাব করে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর ও সংগঠনগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবের পক্ষে অ্যামচেম জানায়, কোভিড-পরবর্তী সময়ে ভোক্তারা ক্রমশ অনলাইন শপিং ও ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকছে, যার মধ্যে কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) উল্লেখযোগ্য। এই পরিবর্তনের ফলে ই-কমার্স খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, নগদের ওপর নির্ভরতা কমেছে এবং লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডিজিটাল ওয়ালেট ব্যবহারকারীদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য অর্থ স্থানান্তর আরও সহজ করেছে।
ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়াতে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার সুপারিশ করে সংগঠনটি। যেখানে ৩ শতাংশ ভোক্তা এবং ২ শতাংশ ব্যবসায়ীরা পাবেন। তারা বলছে, উদ্যোগটি ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটাবে, স্বচ্ছতা বাড়াবে এবং একটি নগদনির্ভরতা কম অর্থনীতির (ক্যাশ-লাইট ইকোনমি) বিকাশে সহায়তা করবে। প্রাথমিকভাবে এই প্রণোদনা ব্যাংক, ব্যবসায়ী বা এমএফএস সেবাদাতারা প্রদান করতে পারে এবং পরে সংশ্লিষ্ট তথ্য অর্থ মন্ত্রণালয় এবং/অথবা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে সমন্বয় করা যেতে পারে।