
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বহুমুখী পণ্য উৎপাদনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি গুরুত্বপূর্ণ বিদেশি বিনিয়োগ নিশ্চিত করেছে। ২৪.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে তাঁবু ও ক্যাম্পিংসামগ্রী, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং ব্যাগ ও লাগেজ উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড বেপজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। গতকাল সোমবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেডের পক্ষে-এর চেয়ারম্যান মি. জিন হো বে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি