
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ও কৃষিমেলা ২০২৬’ এর উদ্বোধন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে স্থাপিত বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের কৃষি উন্নয়ন, কৃষি ঋণ বিতরণ কার্যক্রম এবং প্রান্তিক কৃষকদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী ও সহায়ক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তার ঘোষণানুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফকৃত ঋণের প্রায় ৫২ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের। দেশের মোট কৃষি ঋণের ৪০% কৃষি ব্যাংক কর্তৃক অর্থায়িত এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫ সালে প্রায় ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক রেমিট্যান্স আহরণ করে দেশের সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করেছে। এই অর্থবছরে ৪.০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলেও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি আরও বলেন, আমরা উজ্জীবিত এবং ‘সবার আগে বাংলাদেশ’ ধারণ করি এবং সেভাবে এগিযে যাব। প্রধানমন্ত্রী স্টল পরিদর্শনকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং রেমিট্যান্স আহরণসহ কৃষি ও কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষি ব্যাংক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি