ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশের দুইটি স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ

দেশের দুইটি স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানায়, গতকাল মঙ্গলবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন আগামী শুক্রবার সরকারি ছুটি হওয়ায় আগামী শনিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধ থাকাকালীন ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভুটান ও বাংলাদেশে সংলগ্ন জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটি দিনসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবারও তা স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সময়টাতেও স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী : ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চারদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দরটিতে নির্ধারিত সময়জুড়ে পণ্য পরিবহন বন্ধ থাকবে। গত সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, বিধানসভা নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হবে। এদিকে, আগামীকাল বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চারদিন কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে। কুচবিহার জেলা প্রশাসনের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে এরইমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত