
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি ফরেস্ট ই কুকসন আর নেই। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যামচেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কুকসনের পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছে অ্যামচেম।
অ্যামচেমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরেস্ট ই কুকসন ১৯৩৪ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি গত শতাব্দীর আশির দশকের মাঝামাঝি সময়ে একটি আর্থিক খাত সংস্কার উদ্যোগে অবদান রাখতে প্রথম বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পরামর্শক হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি গভীর অনুরাগ গড়ে তোলেন। জীবনের একটি বড় অংশ এ দেশে কাটিয়ে দেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যামচেমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কুকসন। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন। অ্যামচেম জানিয়েছে, বাংলাদেশ ফরেস্ট ই কুকসনের অসামান্য অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তাকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।