ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করল পাওয়ার গ্রিড

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করল পাওয়ার গ্রিড

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সরকারের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে গত ২২ এপ্রিল এ শেয়ার ইস্যু করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩-২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে এ শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড। তাছাড়া এজিএম সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি থেকে বাড়িয়ে ১৭ হাজার কোটি টাকা করা হয়েছে। এদিকে আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পাওয়ার গ্রিডের ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত পাওয়ার গ্রিডের মোট শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৯৯১। এর ৫৮ দশমিক ৫০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। সরকারের কাছে ২২, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৬৫, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত