ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মিউচুয়াল ফান্ডের দাপটের দিনে পতনে শেয়ারবাজার

মিউচুয়াল ফান্ডের দাপটের দিনে পতনে শেয়ারবাজার

দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। তবে মিউচুয়াল ফান্ড দাপট দেখানোর দিনে অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। সেইসঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় প্রায় সবকটি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার মাধ্যমে। এমনকি লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড দাম বাড়ার সর্বোচ্চ সীমায় চলে যায়। লেনদেনের শেষ পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। কিন্তু লেনদেনের শেষদিকে অন্যান্য খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমে যায়। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯৪টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, ৩৩টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১টির দাম কমেছে। এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০১টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৪ কোটি ৯২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১১৭ কোটি ৪৭ লাখ টাকা। এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে মুন্নু সিরামিকের শেয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত