
মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের গ্রোথ ফান্ডের প্রাথমিক ইউনিট বিক্রি সম্পন্ন হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক আড়াই কোটি টাকার ইউনিট কিনেছে। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি এ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি। মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামির উদ্দিন বলেন, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি আস্থা রাখার জন্য বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।