
ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস গতকাল রোববার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস ধরে সূচক বৃদ্ধির মাধ্যমে সবুজ ধারাতেই ঈদের বিরতিতে গেল দেশের শেয়ারবাজার। বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্য সূচকও বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ধীরে ধীরে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। সেই সঙ্গে কমেছে বিক্রির চাপ। ফলে ঈদের আগে বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে। ঈদের ছুটির পরও এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পুঁজিবাজারে নতুন গতি ফিরতে পারে। ডিএসইর এক সদস্য বলেন, দীর্ঘ মন্দার কারণে বাজার যে অবস্থায় নেমেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোই স্বাভাবিক। প্রতি বছরেই ঈদের আগে কয়েকদিন বাজার ঊর্ধ্বমুখী থাকে। এবার সেই প্রবণতা দেখা গেছে। ঈদের পর এই ধারা অব্যাহত থাকলে বাজারে গতি ফিরে আসবে। তিনি বলেন, বর্তমান সরকার শেয়ারবাজারকে গুরুত্ব দিচ্ছে, অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয় আগামী বাজেটে অর্থমন্ত্রী শেয়ারবাজারের জন্য কি রাখেন।