
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির সম্ভাবনায় গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য চুক্তি নিয়ে তাৎক্ষণিক অগ্রগতির প্রত্যাশা কমিয়ে দিয়েছেন। গত রোববার আন্তর্জাতিক সময় রাত প্রায় ১১টা পর্যন্ত উত্তর সাগরের ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। পরে অবশ্য বাজারদও কিছুটা পরিবর্তন হয়। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাপানের নিক্কেই শেয়ার সূচক ২.৫ শতাংশের বেশি বেড়েছে। সিডনির সূচক সামান্য বেড়েছে। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে আলোচকদের তাড়াহুড়ো না করতে নির্দেশ দিয়েছেন তিনি।