
বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে গত রোববার নিয়োগ পেয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন একজন সুপরিচিত ও দক্ষ ব্যাংকার। তার দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সুপরিচিত। মোহাম্মদ নূরুল আমিন দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন শীর্ষ সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি), বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি