
ব্র্যাক ব্যাংক কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এই পুনঃঅর্থায়ন চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারে পরিচালিত এমএসএমই প্রতিষ্ঠানকে অর্থায়ন প্রদান করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিল (এফএসএফএমএসএমই) থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও গ্রহণ করতে পারবে। তিন হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন প্রদান করবে। উদ্যোক্তারা ৭ শতাংশ ইন্টারেস্টে ঋণ সুবিধা পাবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। দ্বিতীয় চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ১৫০০ কোটি টাকার এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিল (এফএসএফএমএসএমই)-এ অংশগ্রহণ করবে। এই স্কিমের আওতায় উৎপাদন ও সেবা খাতের এমএসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ ইন্টারেস্টে ঋণ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় অতি ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বোচ্চ ১ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।