
রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)-এ সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর বিডিবিএলের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের সারা দেশের সব শাখার কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন। দেশের নাগরিকদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ও মাসিক চাঁদা সংগ্রহের লক্ষ্যে বিডিবিএল ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রয়োজনীয় সফটওয়্যার সমন্বয় ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে সেবাটি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্যাংকের সব শাখার কর্মকর্তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন, চাঁদা সংগ্রহ ও সফটওয়্যার ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি