
ভবিষ্যতে বাংলাদেশ থেকে ফল রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা বাড়ছে, আমদানি কমছে এবং ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানিও শুরু হয়েছে। খুব শিগঘ্রিরই ড্রাগন ফলসহ আরও বিভিন্ন ফল বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে জাতীয় ফল মেলার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। আমিন উর রশিদ বলেন, ‘কয়েক বছর আগেও বাংলাদেশে ড্রাগন ফল আমদানি করতে হতো। এখন দেশের কৃষকরা এমন মানসম্পন্ন ও সুস্বাদু ড্রাগন ফল উৎপাদন করছেন, যা বিদেশি ফলের চেয়েও স্বাদে ভালো। ‘এ কারণে ভবিষ্যতে ড্রাগন ফলও রপ্তানি করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।’ এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি বাজেট কমেনি; বরং বিগত যেকোনো বাজেটের চেয়ে এবার কৃষিতে বাজেট বৃদ্ধি পেয়েছে। ‘গত অর্থবছরের তুলনায় কৃষি বাজেট ১০ শতাংশ বেড়েছে এবং উন্নয়ন বাজেট বেড়েছে ৫৯ শতাংশ বেড়েছে।