
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত বুধবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সাক্ষাতের পর এটিই ছিল তাদের প্রথম বৈঠক। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক-পরবর্তী বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে চলমান আলোচনায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে দুই নেতা বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন।’ এভিয়ানে সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তির কতটা কাছাকাছি পৌঁছেছে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা ‘খুব কাছাকাছি’ অবস্থানে রয়েছে। মোদিকে ‘সবচেয়ে কঠিনদের একজন’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি দেখতে খুবই সুন্দর। তাকে খুব ভদ্র মনে হয়। তিনি যেন একজন ফেরেশতা, কিন্তু বাস্তবে তিনি একজন খুনী।’ বিবৃতিতে বলা হয়, দুই নেতা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা ‘যত দ্রুত সম্ভব বাণিজ্যিকভাবে অর্থবহ একটি চুক্তি’ সম্পন্ন করতে কাজ করেন। নতুন দফার আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফর করবেন। ওয়াশিংটন ও নয়াদিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বাজারে প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তারা একাধিক দফা আলোচনা চালিয়ে যাচ্ছে।