ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক উন্নয়নে ১৯৫ কোটি টাকা ব্যয় অনুমোদন

রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক উন্নয়নে ১৯৫ কোটি টাকা ব্যয় অনুমোদন

বান্দরবান সড়ক বিভাগের অধীন হোস্ট কমিউনিটির জন্য তিনটি সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজে ১৯৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাব অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করচে সরকার (জিওবি) এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। প্রকল্পের আওতায় ‘রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক পূর্ত কাজ বাস্তবায়নের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। মূল্যায়ন শেষে তিনটি দরপত্রই কারিগরিভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১৯৫ কোটি টাকায় কাজটি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জানা গেছে, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৪ সালের ২৮ মে অনুমোদন করে। এর বাস্তবায়নকাল ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় ৪ দশমিক ৬ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, মাটির কাজ, ৩ দশমিক ৮১ কিলোমিটার সড়ক মজবুতিকরণ ও প্রশস্তকরণ, ১ দশমিক ৫০ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ এবং ৮ দশমিক ৪১ কিলোমিটার সড়কে ডিবিএস সার্ফেসিং করা হবে।

এছাড়া তিনটি সেতু, ৪১টি কালভার্ট, আরসিসি সসার ড্রেন, আরসিসি ইউ-ড্রেন, স্লোপ প্রটেকশন, রিটেইনিং ওয়াল এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত