
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে ইলম নেট ইএমএস-এর সফট লঞ্চ করেছে। এটি একটি শরিয়াহ্সম্মত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ব্যবস্থাপনা, যোগাযোগ, ফি আদায় এবং ডিজিটাল পেমেন্ট সেবাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় নিয়ে আসবে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইলম নেটের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার পাশাপাশি ইসলামিক ওয়ালেট ও বাংলা কিউআর-এর মাধ্যমে ফি সংগ্রহের সুবিধা প্রদান করা হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে এবং শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানগুলো সমানভাবে উপকৃত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি